জনগণের দাবির প্রেক্ষিতেই সরকার তেলের দাম কিছুটা বাড়িয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই সরকার তেলের দাম কিছুটা বৃদ্ধি করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই সভার আয়োজন করা হয়।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী নিজে জ্বালানি তেলের দাম বাড়াতে চাননি। কিন্তু হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দেশে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন ও সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা দূর করতেই জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত স্থাপন করছেন, সরকারের অন্য মন্ত্রীদেরও তা অনুসরণ করতে হবে। কথার সাথে কাজের মিল রেখে সামঞ্জস্যপূর্ণ বক্তব্য দেওয়ার ওপর তিনি জোর দেন।
আলোচনা সভায় গুম হওয়া নেতাদের হদিস পেতে অপরাধীদের রিমান্ডে নেওয়ার দাবি জানান রিজভী। তিনি বলেন, গুমের সাথে সংশ্লিষ্ট অনেকেই এখনো দেশে আছে, তাদের রিমান্ডে নিলেই প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।
গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের আনা নতুন অধ্যাদেশ নিয়ে রিজভী বলেন, "বর্তমান অধ্যাদেশে কিছু আইনি ফাঁকফোকর আছে। এগুলো সংশোধন করে আরও শক্তিশালী ও মানবিক আইন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন নিষ্ঠুর পথ অবলম্বন করতে না পারে।" তিনি প্রতিশ্রুতি দেন যে, সরকার এমন আইন করবে যা হবে পুরোপুরি মানবতার পক্ষে।
Comments