বিএনপির নারী আসনে মনোনয়ন বঞ্চিত হলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে প্রকাশিত এই তালিকায় স্থান পাননি দলের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন আলোচিত ও পরিচিত নেত্রী এবং তারকা প্রার্থী। মনোনয়ন না পাওয়াদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন ও রিজিয়া পারভীন।
এছাড়া দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন মেঘনা আলম, ফারজানা সিঁথি, প্রয়াত নাসির উদ্দীন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ ও গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ এবং ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ নাঈমা খন্দকারও তালিকায় স্থান পাননি। এছাড়া আলোচনায় থাকা মহিলা দলের সহ-সভাপতি বেবী মওদুদ, সামিরা তাজরিন ও মাহরীন খানও মনোনয়ন পাননি।
দলীয় সূত্র জানিয়েছে, চূড়ান্ত তালিকায় বাদ পড়লেও এসব জনপ্রিয় ও পরিচিত মুখদের সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বা ভবিষ্যতে ভিন্ন কোনো প্রক্রিয়ায় মূল্যায়ন করা হতে পারে।
উল্লেখ্য, এবার বিএনপির সংরক্ষিত নারী আসনের জন্য মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল, যার মধ্যে জমা পড়ে প্রায় ৯০০টি। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে। গত ১৭ ও ১৮ এপ্রিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে এই চূড়ান্ত তালিকা তৈরি করেন।
Comments