সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বিএনপির পক্ষ থেকে মনোনীত ৩৫ জন প্রার্থী হলেন: সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন।
তালিকায় আরও রয়েছেন: মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
দলীয় সূত্র জানায়, গত রোববার (১৯ এপ্রিল) রাতে দলের নীতিনির্ধারক পর্যায়ের এক বৈঠকে ত্যাগী ও যোগ্য নেত্রীদের সমন্বয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়। এর আগে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সাক্ষাৎকারে প্রার্থীরা দলের সংকটে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী পরবর্তী কার্যক্রমের সময়সীমা: মনোনয়ন দাখিলের শেষ তারিখ: আগামীকাল ২১ এপ্রিল। বাছাই: ২২ ও ২৩ এপ্রিল। আপিল ও নিষ্পত্তি: ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল। প্রতীক বরাদ্দ: ৩০ এপ্রিল। ভোটগ্রহণ: ১২ মে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে ১টি আসন। বিএনপি আজ ৩৫ জনের নাম ঘোষণা করেছে।
Comments