হরমুজে মাইন অপসারণে মার্কিন সি-ড্রোন
বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে পাতা সমুদ্র-মাইন শনাক্ত ও অপসারণে সি-ড্রোনসহ নানা প্রযুক্তি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, মাইন অপসারণ অভিযানে 'মানবচালিত ও মানববিহীন সক্ষমতার' সমন্বয় করা হচ্ছে। প্রথম ধাপে প্রণালিটির নির্দিষ্ট অংশ দ্রুত স্ক্যান করে সম্ভাব্য মাইন চিহ্নিত করা হচ্ছে। এরপর সেগুলো নিষ্ক্রিয় বা ধ্বংস করতে পাঠানো হচ্ছে বিশেষায়িত সামুদ্রিক রোবট।
সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক সেন্সর ও স্বয়ংক্রিয় পানির নিচের যান (ইউইউভি) ব্যবহারের ফলে আগের তুলনায় অনেক কম সময়ে নিরাপদ নৌপথ তৈরি করা সম্ভব হচ্ছে।
মার্কিন নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল কেভিন ডনেগান বলেন, 'ইউইউভি ব্যবহার করে কয়েক দিনের মধ্যেই একটি ছোট নৌপথ জরিপ করা যায়, যেখানে আগে সপ্তাহ লেগে যেত।'
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি এই প্রণালিতে মাইন পাতা হলে তা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এ কারণে দ্রুত শনাক্ত ও অপসারণে প্রযুক্তিনির্ভর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
Comments