চলতি বছরেই বিএনপির কাউন্সিল: অবসরের ঘোষণা মির্জা ফখরুলের
দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কাউন্সিল। এই কাউন্সিলের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও তৃণমূল পর্যায়ে সম্মেলনের প্রস্তুতি শুরু করেছে দলটি। তবে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে দলটির দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবসরের ঘোষণা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি রাজনীতি থেকে বিদায় নেওয়ার এই ইচ্ছার কথা জানান।
সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থা ও বয়সের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। তবে কাউন্সিলের পর আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। আমার বয়স হয়েছে, প্রায়ই অসুস্থ হয়ে পড়ছি।" তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে, আসন্ন কাউন্সিলে দলের গুরুত্বপূর্ণ এই মহাসচিব পদে নতুন মুখ দেখা যেতে পারে।
মির্জা ফখরুলের রাজনৈতিক সফর শুরু ১৯৬০-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়ার সময় ছাত্র ইউনিয়নের (ইপিএসইউ) মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। ২০১১ সালের ২০ মার্চ থেকে টানা পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় ১০ বছর আগে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নিরবচ্ছিন্ন আন্দোলনের কারণে এতদিন কাউন্সিল করা সম্ভব হয়নি। সাম্প্রতিক জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে কাউন্সিল আয়োজনের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। মূল কাউন্সিলের আগেই দেশের তৃণমূল পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে দলটির।
Comments