দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুত: প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশ্বস্ত করেছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং বর্তমানে দেশে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এপ্রিল ও মে মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানির পূর্ণ মজুত এই মুহূর্তে দেশে রয়েছে। এছাড়া জুন মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে আগাম মজুত নিশ্চিত করার প্রক্রিয়াও চলমান। নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির উদ্যোগ নিয়েছে। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, এই পরিমাণ অকটেন ও পেট্রোল দিয়ে আগামী দুই মাসের চাহিদা অনায়াসেই মেটানো সম্ভব।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ঘটনার পর থেকেই জনমনে একধরনের উদ্বেগ তৈরি হয়, যার ফলে ফিলিং স্টেশনগুলোতে বিশেষ করে অকটেন ও পেট্রোলের জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে। আতঙ্কের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি কয়েকগুণ বেড়ে গেছে। মার্চের শুরুতে চাহিদা সামাল দিতে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল। বর্তমানে রেশনিং তুলে নেওয়া হলেও গত বছরের বিক্রির ধারা অনুযায়ী বাজারে সরবরাহ সমন্বয় করা হচ্ছে।
Comments