৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগের কর্মপরিকল্পনা ঘোষণা
সরকারি দপ্তরে বিদ্যমান জনবল সংকট নিরসনে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের বিশাল কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি একটি বিশেষ রোডম্যাপ তৈরি করেছে। এই পরিকল্পনার আওতায় নির্দিষ্ট সময়সীমার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগের লক্ষ্যমাত্রাগুলো হলো: ৬ মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি পদে, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি পদে এবং ৫ বছরের মধ্যে: ৩ হাজার ১১০টি পদে নিয়োগ দেয়া হবে।
সরকারের লক্ষ্য হলো মোট ৫ লাখ শূন্যপদে দ্রুত জনবল নিয়োগ নিশ্চিত করা। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে দেশের সকল মন্ত্রণালয় ও বিভাগকে তাদের বিদ্যমান শূন্যপদ এবং নিয়োগের বর্তমান অবস্থা জানিয়ে জরুরি ভিত্তিতে চিঠি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রশাসনিক গতিশীলতা বজায় রাখাই এই বিশাল নিয়োগ অভিযানের মূল উদ্দেশ্য।
'স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্টস ২০২৪'-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি পদ এবং ১০ম থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ শুন্য রয়েছে।
এছাড়াও অন্যান্য গ্রেডগুলোতেও বিপুল সংখ্যক পদ খালি পড়ে আছে। দীর্ঘমেয়াদি এই পরিকল্পনার মাধ্যমে এই বিশাল জনবল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
Comments