নয়াপল্টনে বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে প্রার্থীরা ফরম সংগ্রহ করতে শুরু করেন।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত আসনের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে প্রতিটি আসনের বিপরীতে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে।
গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই: ২২ ও ২৩ এপ্রিল। আপিল ও নিষ্পত্তি: ২৬ থেকে ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহার: ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ: ৩০ এপ্রিল। ভোটগ্রহণ: ১২ মে।
জাতীয় সংসদের মোট ৩৫০টি আসনের মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। বর্তমান সংসদের শক্তিমত্তা অনুযায়ী নির্বাচন কমিশন এই আসনগুলো বণ্টন করেছে। বণ্টন অনুযায়ী: বিএনপি: ৩৬টি আসন। জামায়াতে ইসলামী ও জোট: ১৩টি আসন। স্বতন্ত্র: ১টি আসন।
উল্লেখ্য, গত কয়েকদিনের উপ-নির্বাচনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ের পর সংরক্ষিত আসন নিয়ে দলটির ভেতরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ১২ মে ভোটের দিনকে সামনে রেখে এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন নারী নেত্রীরা।
Comments