হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘ফি’ আদায় বন্ধের নির্দেশ ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ইরানকে অবিলম্বে ফি আদায় বন্ধ করতে হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, "শোনা যাচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী ট্যাংকারগুলো থেকে ইরান অর্থ আদায় করছে। যদি তারা এটি করে থাকে, তবে তা এখনই বন্ধ করা উচিত।"
উল্লেখ্য, মাত্র দুদিন আগেই দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্পের এই আকস্মিক মন্তব্য সেই সমঝোতাকে আবারও ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের কারণে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত রয়েছে। গত মঙ্গলবার ট্রাম্প শর্ত দিয়েছিলেন যে, ইরান যদি 'সম্পূর্ণ ও নিরাপদভাবে' এই প্রণালি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে।
তবে সম্প্রতি ফিনান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই পথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিপরীতে শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি আদায়ের পরিকল্পনা করছে। ট্রাম্পের প্রতিক্রিয়া মূলত এই রিপোর্টের প্রেক্ষিতেই এসেছে।
অন্য এক পোস্টে ট্রাম্প তাঁর অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন: তাঁর শাসনামলে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। খুব দ্রুতই বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক হবে। এক্ষেত্রে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র তার লক্ষ্যে পৌঁছাবেই।
সিএনবিসি নিউজের তথ্যমতে, গত কয়েক মাসের যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের নতুন এই আল্টিমেটাম মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।
Comments