গণবিরোধী বিল পাসের অভিযোগে বিরোধী দলের ‘ওয়াকআউট’
জাতীয় সংসদে বেশ কিছু বিল পাসের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিবেশন কক্ষ ত্যাগ বা 'ওয়াকআউট' করেছে বিরোধী দল। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জোটের সংসদ সদস্যরা এই প্রতিবাদ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, "অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও আজ সংসদে বেশ কয়েকটি গণবিরোধী বিল পাস হয়েছে। আমরা এই অন্যায় সিদ্ধান্তের দায় নিতে চাই না, তাই এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করছি।"
ওয়াকআউট ঘোষণার পরপরই বিরোধীদলীয় নেতা তার জোটের অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
বিরোধী দল কক্ষ ত্যাগ করার পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার সুযোগ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদীয় প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, "আশা করি মাগরিবের নামাজের বিরতির পর তারা (বিরোধী দল) আবারও অধিবেশনে ফিরে আসবেন এবং সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন।"
বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাসের দিনে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে চরম মতপার্থক্য তৈরি হয়, যার ফলশ্রুতিতে এই ওয়াকআউটের ঘটনা ঘটে।
Comments