ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: কমছে খরচ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। অভিবাসন ব্যয় কমিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে একমত হয়েছে দুই দেশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার ইস্যুতে এটিই প্রথম কোনো উচ্চপর্যায়ের সফর। বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সুবিধাজনক সময়ে তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
শ্রমিক শোষণ রোধে এবং সিন্ডিকেটের প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করতে বৈঠকে বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানানো হয়েছে:
মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কর্মী নিয়োগ শুরু হবে। আইএলও-এর গাইডলাইন অনুযায়ী 'নিয়োগকর্তাই খরচ বহন করবেন' নীতি অনুসরণ করা হবে। ফলে কর্মীদের বিদেশ যাওয়ার খরচ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং দালালদের দৌরাত্ম্য কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-ভিত্তিক প্রযুক্তি চালু করবে মালয়েশিয়া। বাংলাদেশ এই উদ্যোগকে পূর্ণ সমর্থন দিয়েছে। যারা আগে ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেননি, তাদের নিয়োগ প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে কেবল শ্রমবাজার নয়, বরং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
এই বৈঠকের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিন্ডিকেট প্রথা ভেঙে প্রকৃত কর্মীরা যেন নামমাত্র খরচে বিদেশ যেতে পারেন, সরকার সেই নিশ্চয়তা দিচ্ছে।
Comments