মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, এমপি, বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সফরসঙ্গী বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর এর হাইকমিশনার মনজুরুল করিম খাঁন চৌধুরীসহ দূতাবাসের কর্মকর্তারা।
বৈঠকের শুরুতে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি দেশটির গণতন্ত্রের জন্য দীর্ঘদিনের সংগ্রাম এবং এর অব্যাহত অগ্রগতিরও প্রশংসা করেন।
উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনোয়ার ইব্রাহিমকে উষ্ণ ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং তাঁর পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন।
উভয় পক্ষ শ্রম সম্পর্ক বিষয়ে সারগর্ভ আলোচনা করেছে এবং শ্রমিক শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায়গুলোও খতিয়ে দেখা হয় এবং উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। এছাড়াও, জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে শিক্ষক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতাসহ শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান।
উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
তবে নতুন করে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয় তেমন কোন আলোচনা হয়নি বলে জানা গেছে।
Comments