বিসিবিতে ‘বাপের দোয়া’ কমিটি করিনি, যোগ্যদেরই দায়িত্ব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে গঠিত আহ্বায়ক কমিটি নিয়ে সংসদে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, বিসিবি পুনর্গঠনে কোনো স্বজনপ্রীতি করা হয়নি; বরং পেশাদারত্বের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল, ২০২৬) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, "বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটি 'বাপের দোয়া' ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।" এর প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন:"বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন কিংবদন্তি খেলোয়াড়। আমরা এখানে কোনো 'বাপের দোয়া মায়ের দোয়া' কমিটি করিনি। বিগত সরকারের আমলে ক্রীড়া উপদেষ্টা ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করতেন। বর্তমান গণতান্ত্রিক সরকার তদন্ত সাপেক্ষে আগের বোর্ড ভেঙে দিয়ে স্বচ্ছতার ভিত্তিতে নতুন কমিটি গঠন করেছে।"
Comments