প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের জ্বালানি ইস্যুতে আলোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, জ্বালানি খাতে সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় জ্বালানি সহযোগিতা। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে দুই পক্ষ কথা বলেন। এছাড়া দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে এক 'নতুন ধরনের সম্পর্ক' গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এক্ষেত্রে ইতিবাচক মানসিকতা ও জাতীয় স্বার্থ রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ সমুন্নত রেখে ভারতের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনার দ্বার উন্মুক্ত রাখার কথা পুনব্যক্ত করেন তিনি।
বৈঠক শেষে জানানো হয়, ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে আগামীকাল মরিশাসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মরিশাস সফরকালে তারা ভারতে একটি সৌজন্য সফর করবেন বলেও সূচিতে রয়েছে।
Comments