রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ২৯ আরোহীর মৃত্যু
রাশিয়ার অধিকৃত ক্রিম উপদ্বীপে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রাশিয়ার 'এএন-২৬' মডেলের একটি সামরিক পরিবহন বিমান কৃষ্ণ সাগরের নিকটবর্তী একটি পাহাড়ের চূড়ার সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। বিমানে ৬ জন ক্রু এবং ২৩ জন যাত্রী ছিলেন, যাদের সবাই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে একে কারিগরি ত্রুটি হিসেবে চিহ্নিত করেছে রুশ কর্তৃপক্ষ। ১৯ ৬০-এর দশকের পুরনো মডেলের এই 'এএন-২৬' বিমানটি মূলত মাল পরিবহন ও সেনাসদস্যদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
গত এক দশকে এএন-২৬ মডেলের বিমানটি বেশ কয়েকবার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ ও ২০২২ সালে ইউক্রেনের জাপোরিঝিয়া ও উত্তর-পূর্ব অঞ্চলে কারিগরি ও প্রশিক্ষণ উড্ডয়নের সময় এই মডেলের বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে।
২০১৭ ও ২০২০ সালে দক্ষিণ সুদান এবং আইভরি কোস্টেও একই মডেলের বিমান বিধ্বস্ত হয়ে রাশিয়ার নাগরিকসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।
দুর্ঘটনার বিস্তারিত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Comments