শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে ‘আড়ং’কে আইনি নোটিশ
কেনাকাটার পর শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে লাইফস্টাইল ব্র্যান্ড 'আড়ং'-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এই নোটিশ পাঠান।
রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী। নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং বিনামূল্যে শপিং ব্যাগ দেওয়া বন্ধ করে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছে, যা প্রচলিত আইনের পরিপন্থী।
ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে হওয়ায় অনেক ক্রেতা পণ্য হাতে করে বহন করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এটি ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আড়ংয়ের এমন পদক্ষেপ অন্যান্য ব্র্যান্ডকেও একই ধরনের অনৈতিক চর্চায় উৎসাহিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আইনজীবী সাদ্দাম হোসেন অভি জানান, আড়ংয়ের এই কার্যক্রম ব্যবসায়িক নৈতিকতার পরিপন্থী। তিনি দাবি করেন: ১. অবিলম্বে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। ২. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ৩. ভবিষ্যতে সকল ক্রেতার জন্য বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ নিশ্চিত করতে হবে।
Comments