রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল। দুজনের ক্ষেত্রেই কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে তাঁরা দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বরগুনা–২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে সমর্থন দেন খুলনা–৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা 'হ্যাঁ' জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন। একই প্রক্রিয়ায় ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবটিও গৃহীত হয়।
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য সংসদের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।
হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার পদে শপথ নেওয়ার আগেই তাঁরা নিজ নিজ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
Comments