এপস্টেইন ফাইলে বলিউড নির্মাতার নাম
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নথিতে বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম উঠে এসেছে। এপস্টেইনকে পাঠানো কয়েকটি ই–মেইলে তাঁকে উল্লেখ করা হয়েছে। গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিন মিলিয়নেরও বেশি নথি প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে।
ই–মেইলগুলোতে অনুরাগ কাশ্যপকে 'বলিউড গাই' হিসেবে উল্লেখ করা হয়। তিন ব্যক্তির মধ্যে আদান–প্রদান হওয়া ওই বার্তালাপে এপস্টেইনও যুক্ত ছিলেন। সেখানে এপস্টেইনের সম্ভাব্য কিউবা সফর নিয়ে আলোচনা হয় এবং বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নিতে পারেন—এমন সম্ভাব্য অতিথিদের তালিকায় কাশ্যপের নাম রাখা হয়েছিল।
তবে নাম থাকলেও তিনি আদৌ ওই আয়োজনগুলোতে অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই। তাঁকে সম্ভাব্য বক্তা বা পরিচিত ব্যক্তিত্ব হিসেবেই উল্লেখ করা হয়েছে। এপস্টেইন ও কাশ্যপ একই সময় একই স্থানে ছিলেন—এমন প্রমাণও এখনো মেলেনি। বিষয়টি নিয়ে অনুরাগ কাশ্যপের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি।এর আগে প্রকাশিত নথিতে চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নামও ছিল। পাশাপাশি বিভিন্ন তারকার নাম উঠে আসে, যাদের মধ্যে রয়েছেন মাইকেল জ্যাকসন, ডায়ানা রস, ক্রিস ট্যাকার, মিক জ্যাগারসহ আরও কয়েকজন।
Comments