রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের আগমন
দক্ষিণ ভারতের সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনার পরিবার সম্প্রতি দ্বিগুণ খুশিতে ভরপুর। তাদের ঘরে জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। খবরটি নিশ্চিত করেছেন রাম চরণের বাবা, কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী। তিনি জানান, মা ও নবজাতকরা সুস্থ আছেন এবং পরিবারের সবাই আনন্দে মেতেছে।
চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। চিরঞ্জীবীর এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। নবজাতকদের জন্য সবাই ভালোবাসা ও দোয়া জানাচ্ছেন।
রাম চরণ ও উপাসনার সম্পর্ক বহু বছর ধরে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ২০১১ সালে তাদের বাগদান হয়, এবং ২০১২ সালে হায়দরাবাদে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। প্রথম সন্তান ক্লিন কারার জন্মের পরও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল।
উপাসনা সামাজিক কাজে সক্রিয় এবং অ্যাপোলো হাসপাতাল গ্রুপের প্রতিষ্ঠাতার নাতনি। রাম চরণ অভিনয় জীবনে সম্প্রতি শংকরের পরিচালনায় 'গেম চেঞ্জার' ছবিতে অভিনয় করেছেন এবং বর্তমানে তার পরবর্তী প্রকল্প 'পেড্ডি'-র প্রস্তুতিতে ব্যস্ত।
Comments