জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন আফরোজা আব্বাস। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহধর্মিণী।
এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে অবৈতনিক ভিত্তিতে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর এই নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, সরকার চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে, চেয়ারম্যান পদ থেকেও যেকোনো সময় পদত্যাগের সুযোগ রয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় মহিলা সংস্থা মূলত দেশব্যাপী নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
Comments