মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও ৪ নতুন মুখ, রাতে শপথ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়াবেন।
মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সূত্র আরও জানায়, মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন আসতে পারে। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। তিনি জানান, বঙ্গভবনের দরবার হলে শপথ আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০ জনের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের পর শপথ অনুষ্ঠান শুরু হবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি পুনঃপ্রবর্তনের পর এবারই একাধিক প্রার্থী থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হলো। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়েছে।
Comments