এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬০ : র্যাব
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে। একই সঙ্গে এ সংক্রান্তে ৬০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গত এক মাসে র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০৪টি অস্ত্র এবং এ সংক্রান্তে ৬০ জন অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র।
ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে সর্বদা নিজেদের নিয়োজিত রাখবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের পক্ষ থেকে এক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করছি।
Comments