চা শিল্পের উন্নয়নে ১২ সদস্যের মনিটরিং ও পরামর্শক কমিটি করলো সরকার
বাংলাদেশের চা শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যার সমাধানে ১২ সদস্যের একটি মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। গঠিত কমিটির সভাপতি হিসেবে রয়েছে বাণিজ্যমন্ত্রী। এছাড়াও এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি, অর্থ, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্যসচিব করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে।
কমিটিতে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ চা সংসদ ও টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যানসহ চা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও রাখা হয়েছে।
কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো চা-বাগানগুলোর বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করা। এ জন্য বাগান মালিকদের শ্রেণীকৃত (ক্ল্যাসিফায়েড) ঋণ পুনঃ তফসিল করা এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করবে কমিটি।
এ ছাড়া চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
চা শিল্পের অর্থায়ন সংকট মোকাবেলায় এ ধরনের তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
কমিটির কার্যপরিধিতে আরো রয়েছে চাকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা এবং চা-বাগানের অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন দেওয়া। এসব বিষয়ে গঠিত কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি গঠনের প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।
কমিটিতে বাণিজ্যমন্ত্রী সভাপতি ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, সাবেক চা সংসদের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরো স্পষ্ট করা হয়েছে, কমিটির ক্ষেত্রে 'সচিব' বলতে সিনিয়র সচিবকেও বোঝাবে।
Comments