দেশের সব জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা
ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব করতে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) ১৪ দফা নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও তদারকির মাধ্যমে সেবার মান বাড়ানোর লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কার্যক্রম ঘনিষ্ঠভাবে নজরদারির আওতায় আনতে হবে।
নির্দেশনায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সময়ানুবর্তিতা ও দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নকশা ও রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হচ্ছে কি না, তা নিয়মিত যাচাই করতে বলা হয়েছে।
নাগরিকদের সঙ্গে কর্মকর্তাদের আচরণ জনবান্ধব করা, অনলাইন ভূমিসেবা ও ই-নামজারির কার্যকারিতা পর্যালোচনা এবং ডিজিটাল রেকর্ড ব্যবস্থাপনা ঠিকভাবে চলছে কি না, সেটিও পর্যবেক্ষণের আওতায় থাকবে।
এ ছাড়া ভূমি অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত রাখা, নাগরিকদের অভিযোগ দ্রুত তদন্ত ও নিষ্পত্তি করা এবং সেবার জন্য নির্ধারিত ফি, প্রয়োজনীয় প্রক্রিয়া ও সময়সীমা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে 'ভূমিসেবায় অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেম' যথাযথভাবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
ভূমি অফিসের পরিচ্ছন্নতা, নথিপত্র সংরক্ষণ, নাগরিক সনদ ও তথ্য বোর্ড হালনাগাদ রাখা এবং সেবার মানদণ্ড দৃশ্যমান রাখার কথাও বলা হয়েছে। একই সঙ্গে আইটি সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং ভূমি আইন, বিধি ও মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে 'ভূমিসেবা সহায়তা কেন্দ্র'-এর সংখ্যা বাড়ানো এবং সেগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আকস্মিক পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং দায়ী কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির আওতায় আনার কথাও বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, জেলা প্রশাসকদের প্রতি মাসের মনিটরিং কার্যক্রমের সারসংক্ষেপ, অগ্রগতি ও নেওয়া পদক্ষেপের তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে ভূমি মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের মতে, নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারির মাধ্যমে মাঠপর্যায়ে ভূমিসেবার মান আরও উন্নত করা এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী ভূমি প্রশাসন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
সূত্র: বাসস
Comments