৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেপ্তার ইমির জামিন মঞ্জুর
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
গত ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে রিকশায় মাইক বেঁধে ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি পালন করছিলেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। ওই সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একদল শিক্ষার্থী এতে বাধা দেন। একপর্যায়ে ইমি ও তার এক সহযোগীকে রিকশাসহ ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এই ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় ইমিসহ আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ দেড় মাস পর আজ উচ্চ আদালতে জামিন আবেদনের প্রেক্ষিতে ইমির মুক্তি নিশ্চিত হলো।
আদালতের এই আদেশের ফলে শেখ তাসনিম আফরোজ ইমির কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
Comments