জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত
দেশজুড়ে বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিলের ২০২৬ সালের নির্বাচন স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ মে ভোটগ্রহণের যে নির্ধারিত তারিখ ছিল, তা আপাতত বাতিল করেছে আইনজীবীদের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে সাধারণ ও আঞ্চলিক মিলিয়ে মোট ১৪টি আসনে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো অসম্ভব হয়ে পড়েছে। আইনজীবীদের পক্ষে সারা দেশ চষে বেড়ানো এবং সাধারণ ভোটারদের কাছে পৌঁছানো বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা ও চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ দেশের একাধিক জেলা বার থেকে নির্বাচন স্থগিতের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল।
এর আগে গত ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৯ মে ভোটের দিন ধার্য করা হয়েছিল। তবে বিশেষ পরিস্থিতির কারণে সেই সূচি এখন বাতিল। বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুততম সময়ে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীদের নিয়ন্ত্রণকারী ও সনদ প্রদানকারী স্বায়ত্তশাসিত সংস্থা। প্রতি তিন বছর অন্তর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ বছর সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক বা গ্রুপ আসনের ৭টিসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Comments