ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবি’র সঙ্গে ১ বিলিয়ন ডলারের ঋণচুক্তি
দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) সঙ্গে ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন) ঋণচুক্তি স্বাক্ষর করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইএসডিবি গ্রুপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে এ অর্থায়ন ব্যবহার করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর দেশের নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে।
এক দশকেরও বেশি সময় ধরে আলোচনাধীন এই প্রকল্পটি নানা জটিলতায় এতদিন বিলম্বিত হয়েছিল। দ্বিতীয় ইউনিটটি চালু হলে দেশের অভ্যন্তরীণ তেল পরিশোধন সক্ষমতা বহুগুণ বাড়ার পাশাপাশি জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
এর আগে গত জুনে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় এই প্রকল্পে অর্থায়নের অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, দুই দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় আসেন আইএসডিবি প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসের।
উল্লেখ্য, ১৯৬৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের পথে একটি বড় মাইলফলক অর্জিত হলো।
Comments