ডাচ্–বাংলা ব্যাংকের এক বছরে মুনাফা বাড়ল দ্বিগুণেরও বেশি
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৫ সালে ব্যবসায়িক সাফল্যে বড় চমক দেখিয়েছে । গেল বছরে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের তুলনায় দ্বিগুণ ছাড়িয়ে গেছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর এই তথ্য জানানো হয়।
ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কর ও প্রভিশন পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা। ২০২৪ সালের তুলনায় এই মুনাফা ১০৪ শতাংশ বা প্রায় ২.০৪ গুণ বেশি। চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অভাবনীয় সাফল্যের চিত্র ফুটে ওঠে।
পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ। উল্লেখ্য, ২০২৪ সালে ব্যাংকটি মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
মুনাফা বৃদ্ধির ফলে শেয়ারপ্রতি আয় (EPS) ৪ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সা। এছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) ৫৩ টাকা ৩৯ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ১৪ পয়সায় উন্নীত হয়েছে।
ডাচ্-বাংলা ব্যাংক আর্থিক সচ্ছলতার ক্ষেত্রেও নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত ২০২৪ সালের ১৩.৮৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ১৭.১৩ শতাংশে দাঁড়িয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি।
Comments