নগর উন্নয়নে আরও ৯ কোটি ৫০ লাখ ডলারের ঋণ অনুমোদন
বাংলাদেশের চলমান 'রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট' (আরইউটিডিপি) বাস্তবায়নে অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ সফলভাবে শেষ করতেই এই বাড়তি অর্থায়ন দেওয়া হয়েছে।
গত রবিবার (১৫ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ পক্ষের হয়ে এই অর্থায়ন চুক্তিতে সই করেন।
ইআরডির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটিতে শুরুতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জরুরি প্রয়োজন মেটাতে সেই মূল বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদানে (সিইআরসি) স্থানান্তর করা হয়েছিল।
নতুন করে অনুমোদিত এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে ওই তহবিলের ঘাটতি পূরণ হবে। ফলে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ পরিকল্পনা মাফিক শেষ করা সম্ভব হবে।
Comments