আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো
বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে জোরালো সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এই আগ্রহের কথা জানান। বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন।
বৈঠকে ড. সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি এবং যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের ওপর বিশেষ জোর দেন। এ সময় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন:
শিক্ষকতার পেশাদারিত্ব: সব মাধ্যমের শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরি, প্রাক-চাকরি প্রশিক্ষণ এবং নিয়মিত পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়ন।
বাজেট ও বরাদ্দ: শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দ।
অন্যান্য দিক: শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্য শিক্ষা এবং টেকসই উন্নয়নের প্রসারে কাজ করার ওপর আলোকপাত।
দেশের শিক্ষা ইকোসিস্টেমকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট এবং এডটেক খাতে বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতে সরকার কাজ করছে। শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে 'ওয়ান টিচার ওয়ান ট্যাব' উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে। এর মাধ্যমে উন্নত মানের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।
আলোচনা শেষে উভয় পক্ষই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে দৃঢ় ঐকমত্য পোষণ করেছে।
Comments