বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে আইনগতভাবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার কার্যকর বা প্রযোজ্য হবে না।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার অনুরোধসংক্রান্ত একটি আবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, 'আমরা শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটি আমাদের সংবিধানেই বলা আছে।'
পাসপোর্ট চাওয়ার বিষয়টি কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে জানিয়ে তিনি বলেন, 'তিনি নিজে সরাসরি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। মূলত একটি ল ফার্মের মাধ্যমে এই অনুরোধ জানানো হয়েছে।' শেখ হাসিনাকে ঠিক কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে— এ বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, 'তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।'
সংবাদ সম্মেলনে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হবে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো সহিংসতার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'মাফিয়া দলটির অর্থায়ন এখনো বন্ধ হয়নি। তবে সরকার খুব দ্রুত তাদের পাকড়াও করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে।'
Comments