দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই: চিফ প্রসিকিউটর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি এখতিয়ার কর্তৃপক্ষের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এটি এখন পরিষ্কার যে শেখ হাসিনা নিজে থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরবেন না; বরং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। এ সময় ট্রাইব্যুনালের অন্যান্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
চিফ প্রসিকিউটর বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত একজন আসামি। সে কারণেই বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। তাছাড়া পাসপোর্ট আইনেই স্পষ্টভাবে বলা আছে, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।'
একই দিনে পৃথকভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার কার্যকর হবে না।
তিনি বলেন, 'আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, বিষয়টি আমাদের সংবিধানেই স্পষ্ট করা আছে।'
পাসপোর্টের আবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা পরিষ্কার করেন যে, শেখ হাসিনা নিজে সরাসরি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি।
Comments