১৫ বছরে নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর
বিভিন্ন অনিয়ম ও নির্দিষ্ট শর্ত ভঙ্গের কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিও বিষয়ক ব্যুরো।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মূলত কয়েকটি সুনির্দিষ্ট কারণে এসব এনজিওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে:
-
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন নবায়নের আবেদন না করা।
-
স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ।
-
নিবন্ধনের শর্ত এবং পরবর্তী সময়ে এনজিও বিষয়ক ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা।
-
ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) দাখিল করা।
দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিওগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন থেকে বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করে আসছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এসব সংস্থা দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, নারী-পুরুষের সমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ এবং সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করছে। নিজস্ব নীতিমালা ও সরকারি বিধিবিধানের আওতায় এনজিও বিষয়ক ব্যুরো নতুন এনজিওর নিবন্ধন, নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে।
Comments