চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠাতে পারবেন বাংলাদেশিরা
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই এখন থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাঠাতে পারবেন দেশের নাগরিকরা। পূর্বে এই সীমা ছিল ১৫ হাজার ডলার। এছাড়া বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও অনুমোদন প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মে এসব পরিবর্তনের কথা ওই সার্কুলারে জানানো হয়।
চিকিৎসা ও পড়াশোনার খরচে নতুন সুবিধা:
চিকিৎসা ব্যয়: কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ব্যাংকগুলো এখন সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা চিকিৎসা খরচের জন্য ছাড় করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনা: আগে স্কুল পর্যায়ে বিদেশে পড়াশোনার খরচ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি বাধ্যতামূলক ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য ব্যাংকগুলো এখন পূর্বানুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা ব্যাংকগুলোকে যাচাই করতে হবে।
অন্যান্য কোর্স: সার্টিফিকেট ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও পূর্বানুমতি ছাড়া বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
আরএফসিডি হিসাব জমা সংক্রান্ত নতুন শর্ত: বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও পড়াশোনাসহ বিভিন্ন খাতে ব্যক্তিগত পর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর পাশাপাশি বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা 'রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট' (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এখন থেকে এই অর্থ অ্যাকাউন্টে জমা রাখতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে 'এফএমজে' ফরমে যথাযথ ঘোষণা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে বৈদেশিক লেনদেন সংক্রান্ত অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
Comments