এইচএসসিতে ভালো ফল: ৩০ শিক্ষার্থীকে ডিসি ফরিদার ব্যক্তিগত চিঠি ও উপহার
এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ঢাকার ত্রিশজন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি ও উপহারসামগ্রী পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। শুধু পরীক্ষার ফলের প্রশংসাই নয়, ওই চিঠিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন, উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়ে নানা দিকনির্দেশনা ও উৎসাহ দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখা চিঠির শুরুতে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, 'তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।'
চিঠিতে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীর এই সাফল্যে ঢাকা জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি উল্লেখ করেন, এই অর্জন কেবল শিক্ষার্থীর মেধা ও অক্লান্ত পরিশ্রমের ফলই নয়, বরং এর পেছনে রয়েছে বাবা-মা ও শিক্ষকদের অবিচল আস্থা ও আত্মত্যাগের বড় অবদান।
উচ্চমাধ্যমিকের এই সিঁড়ি পার হয়ে শিক্ষার্থীরা সম্ভাবনার এক বিশাল দিগন্তে পা রেখেছে উল্লেখ করে তিনি জানান, এটি কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং একটি মহাযাত্রার শুরু। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নতুন অধ্যায়ে নিজেদের আরও বেশি কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরে ডিসি বলেন, আধুনিক যুগে শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের আটকে না রেখে তথ্যপ্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে কেবল নিজেদের ক্যারিয়ার গঠন নয়, বরং মেধা দিয়ে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।
ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম আরও লেখেন, 'হয়তো অনেক বছর পর তুমি এই চিঠিটি আবার পড়বে। যখন তোমাকে ঘিরে তোমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে। তোমার জীবনের পথ অনেক দূর এগিয়ে যাবে। সেই দিনটিতে যেন তুমি ফিরে তাকিয়ে বলতে পারো—আমি আমার স্বপ্নকে সম্মান করেছি, আমার মেধার মর্যাদা রেখেছি এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি।'
চিঠির শেষাংশে শিক্ষার্থীদের অদম্য পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে তাদের জীবনের প্রতিটি সাফল্যের শিখরে বিজয় কামনা করেন ঢাকা জেলা প্রশাসক।
Comments