পালিয়ে যাওয়া ‘টেরোরিস্টকে’ বাংলাদেশ পাসপোর্ট দেয় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক এই আসামিকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।
আজ সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রতিমন্ত্রীর কাছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লির বাংলাদেশ মিশনে আবেদনের ব্যাপারে জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী পাল্টা প্রশ্ন করে বলেন, কে আবেদন করেছেন? সাংবাদিক শেখ হাসিনার নাম বললে প্রতিমন্ত্রী বলেন, 'আচ্ছা মানে, একটু হাস্যকর। কীভাবে আবেদন করেছেন? কোন ল' ফার্ম? কোথাকার ল' ফার্ম?'
সাংবাদিক ল ফার্ম হিসেবে ম্যাট্রিক্স চেম্বারসের নাম উল্লেখ করলে প্রতিমন্ত্রী বলেন, 'দেখেন প্রথমে আমি ল ফার্মকে বলব, তোমার ক্লায়েন্ট সম্পর্কে আগে জেনে নাও। তোমাদের ক্লায়েন্ট একজন টেরোরিস্ট, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। বছরের পর বছর ধরে তিনি হাজার হাজার মানুষ গুম ও বিচারবহির্ভূতভাবে খুন করেছেন। তা ছাড়া তো পালিয়ে যাওয়ার আগে দেড় মাসে প্রায় দেড় হাজার মানুষ বা তার চেয়েও বেশি হত্যা করেছেন।'
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশ টেরোরিস্টকে পাসপোর্ট দেয় না, বরং হ্যান্ডওভার চায়।' তিনি আরও বলেন, 'তার সাজা হয়ে গেছে। তিনি মানুষ মেরে দেশ থেকে পালিয়েছেন। তো পালিয়ে গেছেন যিনি, তিনি কীভাবে আসবেন? তার ফিরে আসার ইতিহাস নেই, পালিয়ে যাওয়ার ইতিহাস আছে।'
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি যোগ করেন, 'আসা তো দূরের কথা, এগুলো হাস্যকর। একটা টেরোরিস্ট কীভাবে আসবে? তবে টেরোরিস্টকে এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তি আছে, ওই ট্রিটির মাধ্যমেই হ্যান্ডওভার চাওয়া হবে। নানার বাড়ি বেড়াইতে তো আর আসবে না।'
তিনি জানান, তাকে সেখান থেকে এনে বিমানে তুলে কড়া নজরদারির মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে এবং দেশে এনে সরাসরি সেন্ট্রাল জেলে নিয়ে সাজা কার্যকর করা হবে।
ল ফার্মের মাধ্যমে আবেদনের বিষয়ে হুমায়ুন কবির বলেন, 'এসব আবেদন যে কেউই তো লিখতে পারে। রেসপন্স আমরা দেব, অসুবিধা নেই। মানে এখন এই ল ফার্ম তো আমিও কালকে একটা উকিল দিয়ে নোটিশ করাতে পারি। ওগুলা কি কিছু আসে যায়? একটা টেরোরিস্টের ক্ষেত্রে কিছু আসে যায়? অফকোর্স দে ক্যান হ্যাভ আ রিপ্রেজেন্টেশন, দিতে পারে। দেয় দেক, সেটি।'
চিঠিটি সরকার পেয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, 'আমি দেখব, বোধহয় সম্ভবত... মানে এটা পাওয়া তো আর অস্বাভাবিক কিছু না। নরমাল। তবে আমি বলছি, এর ভিত্তি খুবই দুর্বল—আইনি, নৈতিক ও মূল্যবোধের দৃষ্টিকোণ, সব বিবেচনাতেই।'
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে—এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, 'প্রক্রিয়া আছে এক্সট্রাডিশন ট্রিটি। বলুক ইন্ডিয়াকে গিয়ে, আমাকে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে হ্যান্ডওভার করেন, আমি এত লোক হত্যা করছি। আই অ্যাম রেডি, আমাকে ওখানে গিয়া এক্সিকিউট করেন। বলবে কি সে?'
এ সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, 'সে হচ্ছে—বুঝছেন, এরা হলো দেশ থেকে পালিয়ে যাওয়া চোর, ডাকাত, টেরোরিস্ট। হাসিনা বলেন, হাসিনার পরিবার বলেন, এই আওয়ামী লীগের লুটেরারা—এই যে দেখি, একটার পর একটা, প্রত্যেকটাই তো পলাতক।'
প্রেক্ষাপট: উল্লেখ্য, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। রয়টার্সের দেখা একটি চিঠির সূত্রে জানা যায়, ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া ওই চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান 'ম্যাট্রিক্স চেম্বার্সের' আইনজীবীরা দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। তাই আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে দ্রুততার সঙ্গে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়। তবে রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও দিল্লি ও ঢাকার সংশ্লিষ্টপক্ষগুলো তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই শেখ হাসিনা বিভিন্ন সময়ে এ বছরের ডিসেম্বরে দেশে ফিরে আসার কথা বলে আসছেন।
Comments