কপ৩১ সম্মেলন শুরু আজ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন বিশ্বের কোটি কোটি মানুষের প্রতিদিনের বাস্তবতা। এই অভিঘাতে বাড়ছে তাপমাত্রা, ঘূর্ণিঝড়, বন্যা, খরাসহ নানা দুর্যোগ।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার বিস্তার কেড়ে নিচ্ছে মানুষের বসতভিটা ও জীবিকা। অথচ জলবায়ু সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রাপ্য সহায়তা এখনো নিশ্চিত হয়নি। এমন বাস্তবতায় আজ সোমবার তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)। সম্মেলন ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ এবার আন্তর্জাতিক অঙ্গনে ন্যায্য হিস্যা আদায়ে জোরালো অবস্থান নিতে চায়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আনতালিয়া এক্সপো সেন্টারে সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে ২০০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এক লাখের বেশি মানুষের সমাগম হবে। সম্মেলনে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী, কূটনীতিক, বিজ্ঞানী, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবেলা নিয়ে আলোচনা করবেন।
এমন সময়ে কপ৩১ অনুষ্ঠিত হচ্ছে, যখন জলবায়ু সংকটের প্রভাব আরো ভয়াবহ হয়ে উঠছে। নেপালে বন্যা, ইউরোপে তীব্র তাপপ্রবাহ এবং ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে দাবানলের মতো ঘটনা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে নতুন করে সামনে এনেছে। চলতি বছরের শেষ দিকে এল নিনোর প্রভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সম্মেলনে জোরালো অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সরকার।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি তিন দিনের সফরে আগামীকাল ১০ নভেম্বর তুরস্কে যাবেন। প্রধানমন্ত্রী ১১ ও ১২ নভেম্বর সম্মেলনের উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নেবেন এবং দুটি পৃথক পর্বে বক্তব্য দেবেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া সাইডলাইনে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধামন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সম্মেলনে বাংলাদেশের প্রধান দাবি হবে—জলবায়ু অর্থায়ন ঋণ নয়, অনুদানভিত্তিক হতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ক্ষতিপূরণ তহবিলের অর্থ বাড়াতে হবে, অর্থ পাওয়ার জটিল প্রক্রিয়া সহজ করতে হবে এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে পর্যাপ্ত অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে। এই পরিস্থিতিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের স্বার্থ, জাতীয় অগ্রাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ। তিনি জানান, সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি৭৭ ও চীন এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় স্বার্থে কাজ করবে বাংলাদেশের প্রতিনিধিদল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার জলবায়ু অর্থায়নে বিশ্বসম্প্রদায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন। উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়নের পাশাপাশি নতুন অর্থায়ন লক্ষ্যের আলোকে পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও প্রধানত অনুদানভিত্তিক সহায়তা চাওয়া হবে। বিশেষ করে অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় অনুদান বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থপ্রাপ্তি সহজ করার দাবি জানানো হবে।
সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের কাছে এবারের সম্মেলনের সাফল্য শুধু নতুন কোনো ঘোষণায় নয়, বরং প্রতিশ্রুত অর্থায়ন কতটা পাওয়া যায়, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা কতটা সহজ হয় এবং জলবায়ু ন্যায়বিচারের পথে কতটা অগ্রগতি আসে, তার ওপরই নির্ভর করবে।
Comments