কাল বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন, আসতে পারে ৬টি বিল
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। বিকেল সাড়ে ৩টায় সংসদ ভবনে এ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলতে পারে। তবে মোট কার্যদিবস ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশনের মেয়াদ তুলনামূলক কম হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপিত হতে পারে। এসব বিলের ওপর সংসদ সদস্যদের আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে।
আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়সীমা সংক্ষিপ্ত রাখার পরিকল্পনা করা হয়েছে। প্রচলিত রীতি অনুযায়ী, বছরের প্রথম অধিবেশন সাধারণত জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। সে হিসাবে ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে বসতে পারে।
এদিকে, অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে অধিবেশনের মেয়াদ, কার্যদিবস এবং আলোচ্যসূচি নির্ধারণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনার সুযোগ থাকবে।
এ ছাড়া বিরোধী দলের পক্ষ থেকে চলমান পরিস্থিতি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হলে তা বিবেচনায় নিয়ে সময় নির্ধারণ করা হতে পারে।
তবে রাজনৈতিক অঙ্গনে আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপনের সম্ভাবনা নেই। এ বিষয়ে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি কাজ করছে। প্রস্তাবটি চূড়ান্ত হলে আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদের পঞ্চম অধিবেশনে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
Comments