পরাজয় মেনে নিতে নারাজ, নির্বাচনের ফল চ্যালেঞ্জ করবেন নেতানিয়াহু দল লিকুদ
ইসরাইলের সাধারণ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করার উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। আরব দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে ভোটারদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ভোটার উপস্থিতি বাড়ানোর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
লিকুদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে আরব দলগুলো ভোটারদের অবস্থান ও চলাচলের তথ্য সংগ্রহ করেছে। এর মাধ্যমে ভোটার উপস্থিতি বাড়িয়ে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলা হয়েছে। দলটির দাবি, এমন কর্মকাণ্ডের কারণেই নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এ অভিযোগে আগামী ১৭ নভেম্বরের মধ্যে জেরুজালেম জেলা আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে তাদের।
তবে লিকুদের অভিযোগের বিপরীত চিত্র তুলে ধরেছে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা 'সিভিলিয়ান ইলেকশন গার্ড'। সংস্থাটির তথ্য অনুযায়ী, নিষিদ্ধ অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিল লিকুদ পার্টির কর্মীরা। অ্যাপ ব্যবহারের ৩২ শতাংশই ছিল দলটির কর্মীদের।
এদিকে নির্বাচনকে ঘিরে ওঠা জালিয়াতির অভিযোগে শুরু হওয়া দুটি গুরুত্বপূর্ণ তদন্তও এখন অনিশ্চয়তার মুখে। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তদন্ত দুটির অগ্রগতি কার্যত থমকে গেছে।
অন্যদিকে, অভিযোগগুলো আমলে না নিয়ে নির্বাচনের ফলাফল চূড়ান্ত করেছে দেশটির নির্বাচন কমিশন। এরপর সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে ফলাফল প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে পাঠানো হয়েছে।
পার্লামেন্টের ৬৭ জন সদস্যের সমর্থন থাকায় বিরোধী দল 'ইয়াশার'-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট। বিপরীতে নেতানিয়াহুর পক্ষে রয়েছে মাত্র ৪৬ জন সংসদ সদস্যের সমর্থন।
সূত্র: টাইমস অব ইসরাইল।
Comments