জাতির কল্যাণে সমবায় আন্দোলন কাজে লেগেছে: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপি মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমবায় আন্দোলন অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয়, যুগে যুগে জাতির কল্যাণে এই সমবায় কাজে লেগেছে।
রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার নাগরী এলাকায় কাল্ব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়েও এ আন্দোলন তার কার্যকারিতা ধরে রেখেছে। এখনো এ পদ্ধতি অনুসরণ করে অসংখ্য মানুষ স্বাবলম্বী হচ্ছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে।
দেশের আর্থসামাজিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তার বক্তব্যে সমবায় খাতের স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সদস্য, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
Comments