সব ষড়যন্ত্র ভেদ করে এগিয়ে যেতে হবে, ৭ নভেম্বর হোক সেই শপথ: মুক্তিযুদ্ধমন্ত্রী
দেশকে নতুন করে গড়ে তুলতে গণতান্ত্রিক ধারায় কাজ শুরু করেছে সরকার। তবে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান।
তিনি বলেন, অতীতেও বিভিন্ন সময়ে ষড়যন্ত্রকারীরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা করেছে। এখনো সেই অপচেষ্টা বন্ধ হয়নি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আহমেদ আজম খান বলেন, দেশের তৈরি পোশাকশিল্প একসময় ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু পরিকল্পিতভাবে এ খাতে অস্থিতিশীলতা সৃষ্টি ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। শিল্পটিকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ অতীতেও বহু ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে। প্রতিবারই এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেসব পরিস্থিতি মোকাবিলা করেছে। গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হলেও তার পুনঃপ্রতিষ্ঠায় জনগণই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, আগামীতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধরনের ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিতে হবে।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ৭ নভেম্বরের শিক্ষা হোক সব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া।
Comments