গ্রাম পুলিশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর
গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সরকারের ইতিবাচক অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেন। গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ আপনাদের অবদানের স্বীকৃতি দিয়েছে। আপনারা গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করলেও শিগগিরই প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি পাবেন বলে আশা করছি।
গ্রাম পুলিশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এই বাহিনী জড়িয়ে রয়েছে। প্রাচীনকাল থেকেই গ্রামীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তারা ভূমিকা পালন করে আসছেন। মোগল আমলে এই বাহিনী একটি স্বতন্ত্র পরিচিতি পায়। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের গ্রাম পুলিশ হিসেবে নামকরণ করেন এবং আইনি স্বীকৃতি দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও তাদের জীবনমান উন্নয়নে বোনাসসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন।
৭ নভেম্বরের তাৎপর্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি ও জনতার মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। দীর্ঘ সময় ধরে দিনটি যথাযথভাবে পালন করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো পরাধীনতা কিংবা তাঁবেদারি শাসন মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব সম্পর্কে মন্ত্রী বলেন, গ্রামের সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেন তারা। গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পাহারার দায়িত্ব পালনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রামকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অন্যায়ের অবসান ঘটিয়ে নিরাপদ গ্রামীণ পরিবেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গ্রাম পুলিশের বিভিন্ন দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার তাদের দাবিগুলো পূরণের ব্যাপারে আশাবাদী। দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হলে তাদের বেতন-ভাতা বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য গ্রাম পুলিশ সদস্যদের সরকারের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
Comments