সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএ
সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তাঁর পরিবারকে সর্বনিম্ন ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একইভাবে দুর্ঘটনায় গুরুতর আহত বা স্থায়ীভাবে অঙ্গহানির শিকার ব্যক্তিরাও নির্ধারিত শর্তে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার পরিমাণ ৫ লাখ টাকা।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা সংস্থাটির ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই আর্থিক সহায়তা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় কেউ মারা গেলে তাঁর পরিবারকে কমপক্ষে ৫ লাখ টাকা দেওয়া হয়। অন্যদিকে, দুর্ঘটনায় অঙ্গহানি ঘটলে অথবা গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে কমপক্ষে ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। আর চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে সহায়তার পরিমাণ কমপক্ষে ১ লাখ টাকা।
তবে এই আর্থিক সহায়তা পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা বাধ্যতামূলক। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে 'ফরম-৩২' পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। চাইলে বিআরটিএ সার্ভিস পোর্টালের (বিএসপি) মাধ্যমেও অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার সুযোগ থাকবে না।
আবেদন জমা দেওয়ার পর তা যাচাই-বাছাই করে সহায়তা অনুমোদন করা হয়। অনুমোদিত অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হয়।
Comments