বিএনপি মানেই গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: ত্রাণমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার ধারাবাহিকতায় বিএনপি বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়গুলো জড়িত।
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরের কর্মসূচি নিয়েও কথা বলেন ত্রাণমন্ত্রী। তিনি জানান, ওই দিন প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
আসাদুল হাবিব দুলু বলেন, স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় লালমনিরহাটে একটি মডেল কার্যক্রম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া জেলার দীর্ঘদিনের উন্নয়নসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে স্থানীয় মানুষের দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথাও জানান তিনি।
আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। এতে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Comments