দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৯৭১, ৭ নভেম্বর ও ২০২৪ সালের মতো ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে জনগণের ওপর বাকশাল ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল। তবে ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্য সেই শক্তিকে পরাজিত করেছিল বলে মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুর পৌনে ৩টার দিকে নয়াপল্টনে সমবেত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তারেক রহমানও হাত নেড়ে সমবেত মানুষের অভিবাদনের জবাব দেন।
পরে সমাবেশে বক্তব্য দেন তিনি। বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
সমাবেশ শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি। এতে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Comments