হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১,০৬৫
দেশে হাম ও হাম উপসর্গ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম ও হাম উপসর্গ মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৫ জন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫১ জন।
গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৩২৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৮ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একই সময়সীমায় নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে।
Comments