ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, আরও ৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৭৭ জন। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৩২ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৯৮ জন হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭২৫ জন। সব মিলিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮১ জন। চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, খুলনায় ১৫৯ জন, বরিশালে ১৫২ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন এবং রংপুর বিভাগে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন।
Comments