দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
শারদীয় দুর্গোৎসব ও পূজার ছুটিতে বিশেষ সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়ের আদলে ট্রেন চলাচল করলেও ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলবে বিকেল থেকে। ছুটির এই সময়ে যাত্রীচাহিদা বিবেচনা করে ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত বিরতিতে ট্রেন চালানো হবে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পূজার ছুটির নির্ধারিত দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করলেও রাতে যাত্রীচাহিদা অনুযায়ী তা বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনে উভয় দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালিত হবে।
অন্যদিকে, ২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বেলা ৩টায় এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বেলা ৩টা ২০ মিনিট থেকে। ওই দিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে। ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের চাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশন ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে, যা প্রয়োজনে ব্যবহার করা হবে।
Comments