সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন: প্রধানমন্ত্রী
রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও উন্নতমানের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, 'অন্যদের কথা বাদ দিন, নিজের সন্তানের জন্য অন্তত একটি স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই সৎ চেষ্টা করি; চেষ্টা করলে আমরা অবশ্যই পারব।'
ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যের কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, কেউ চাইবে না তার সন্তান কোনো নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। শিশুরা ঘরের বাইরে স্কুল, কলেজ ও খেলার মাঠে বিচরণ করে, তাই পুরো শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের প্রশাসনিক ও নাগরিক দায়িত্ব। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় ধীরে ধীরে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আসবে। এ সময় তিনি লন্ডনের উদাহরণ দিয়ে জানান, সঠিক প্রচেষ্টা থাকলে যেকোনো শহরকে পরিচ্ছন্ন করা সম্ভব।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, 'আপনারা আমার সমালোচনা করতেই পারেন, সেটি আপনাদের অধিকার। তবে নিজের ভেতরেও আত্মসমালোচনা করা প্রয়োজন—ভাবতে হবে আমি অর্পিত দায়িত্ব কতটুকু সঠিকভাবে পালন করেছি।'
মতবিনিময় সভার পূর্বে প্রধানমন্ত্রী নগর ভবনের 'জরুরি পরিচালন কেন্দ্র' পরিদর্শন করেন এবং প্রযুক্তির মাধ্যমে আবহাওয়া, বায়ুর মান ও লাইভ পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments