সবুজ বিপ্লবের পথে পোশাকশিল্প: বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে সবুজ বিপ্লব চলছে। ২০১৩ সালে ঘটে যাওয়া রানা প্লাজা এবং তাজরীন ফ্যাশনসের ট্র্যাজেডির পর দেশের পোশাক খাত বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। দেশের সর্ববৃহৎ এই রপ্তানি খাতকে বিশ্বদরবারে গ্রহণযোগ্য করে তুলতে পরিবেশবান্ধব কারখানা নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। দেশের তৈরি পোশাকশিল্প খাত বর্তমানে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস ট্র্যাজেডির ক্ষত মুছে ফেলে দেশীয় উদ্যোক্তারা পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদনে এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন। আজ বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব পোশাক কারখানার একটি বড় অংশই বাংলাদেশে অবস্থিত। তবে বিশ্ববাজারের পরিবর্তিত পরিস্থিতি, ইউরোপীয় ইউনিয়নের নতুন নীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে এই 'সবুজ বিপ্লব' কতটা টিকিয়ে রাখা সম্ভব—তা নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন ও সম্ভাবনা।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারান। একই বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডেও বহু শ্রমিকের মৃত্যু হয়। এসব ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করে। ক্রেতারা এদেশের তৈরি পোষাক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে গার্মেন্টস মালিকরা কারখানা ভবনের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, বৈদ্যুতিক ব্যবস্থা এবং শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়নে নানা উদ্যোগ নিতে শুরু করেন। পাশাপাশি গুরুত্ব পেতে থাকে পরিবেশ রক্ষার বিষয়টিও। বিদ্যুতের ব্যবহার কমানো, পানি সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ ব্যবহার এবং কারখানার ভেতরে প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থা বাড়ানোর দিকে মনোযোগ দেন উদ্যোক্তারা। এর ফলে বাংলাদেশের পোশাকশিল্পে পরিবেশবান্ধব কারখানা তৈরির উদ্যোগ বেশ এগিয়ে যায়।
সবুজ কারখানায় বিশ্বে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) পরিচালিত লিড (LEED) সনদ পরিবেশবান্ধব ভবন তৈরির একটি আন্তর্জাতিক মানদণ্ড। কোনো ভবনে বিদ্যুৎ ও পানির ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, নির্মাণসামগ্রী এবং ভেতরের পরিবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে এই সনদ দেওয়া হয়।
বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, দেশে এ ধরনের কারখানার সংখ্যা দুই শতাধিক। অনেক কারখানা আবার সর্বোচ্চ পর্যায়ের প্লাটিনাম সনদও পেয়েছে। তবে নতুন নতুন কারখানা যুক্ত হওয়ায় এই সংখ্যা নিয়মিত পরিবর্তিত হচ্ছে।
এসব কারখানায় বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ভবনের নকশায় প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থা রাখা হয়। অধিকাংশ ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহৃত পানি পরিশোধন করে আবার কাজে লাগানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। এসব ব্যবস্থার ফলে বিদ্যুৎ, পানি ও অন্যান্য সম্পদের অপচয় কমানো সম্ভব হচ্ছে। এতে একদিকে পরিবেশের ক্ষতি কমছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে কারখানার পরিচালন ব্যয়ও কমতে পারে। আগে প্রায়ই বিভিন্ন পোশাক তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটত। এখন তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে।
সবুজ কারখানার সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো বাড়তি বিনিয়োগ। একটি কারখানাকে পরিবেশবান্ধব করতে উন্নত যন্ত্রপাতি, পানি পরিশোধন ব্যবস্থা, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি এবং বর্জ্য ব্যবস্থাপনায় প্রচুর অর্থ ব্যয় করতে হয়। কিন্তু এই বাড়তি খরচের বিপরীতে বিদেশি ক্রেতারা সব সময় বেশি দাম দিতে চান না। অনেক ক্রেতা কম দামে পোশাক কেনার পাশাপাশি দ্রুত পণ্য সরবরাহের জন্য চাপও দেন।
ফলে একদিকে দেশীয় উদ্যোক্তাদের পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করে ব্যবসায় টিকে থাকতে হচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানার জন্য এই চাপ সামলানো কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, কাঁচামালের দাম বৃদ্ধি, ঋণের উচ্চ সূদ এবং ডলারের বিনিময় হারের ওঠানামা। এসব কারণে কারখানার পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজারগুলোর একটি ইউরোপীয় ইউনিয়ন। এই বাজারে পরিবেশ রক্ষা, শ্রমিকের অধিকার এবং পণ্য তৈরির পুরো প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়ার গুরুত্ব বাড়ছে। আগে বিদেশি ক্রেতারা মূলত পণ্যের মান, দাম ও সময়মতো সরবরাহের ওপর বেশি গুরুত্ব দিতেন। এখন অনেক ক্রেতা জানতে চান, পোশাক তৈরিতে কতটা পানি ও বিদ্যুৎ ব্যবহার হয়েছে, কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে এবং শ্রমিকদের অধিকার কতটা নিশ্চিত করা হয়েছে।
তাই শুধু পরিবেশবান্ধব কারখানার সনদ থাকলেই চলবে না। উৎপাদনের পুরো প্রক্রিয়া সম্পর্কে সঠিক তথ্য রাখা এবং প্রয়োজন হলে তার প্রমাণ দেখানোর সক্ষমতাও থাকতে হবে।
সবুজ কারখানার সংখ্যা বাড়াতে উদ্যোক্তাদের পাশাপাশি সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবেশবান্ধব প্রযুক্তি কেনার জন্য সহজ শর্তে ঋণ, সৌরবিদ্যুৎ স্থাপনে সহায়তা এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে সবুজ বিপ্লব এখন শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়; বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকারও একটি গুরুত্বপূর্ণ শর্ত। সঠিক বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং ক্রেতাদের সহযোগিতা নিশ্চিত করা গেলে পরিবেশবান্ধব উৎপাদন দেশের পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলার জন্য যে বাড়তি খরচ হয়, সে তুলনায় বিদেশি ক্রেতাদের কাছ থেকে সব সময় বেশি দাম পাওয়া যায় না। ফলে সবুজ কারখানার এই অগ্রগতি ধরে রাখা এখন বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ।
Comments